বিএনপির ডাকা অবরোধে নাটোর-বগুড়া মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। ফাঁকা এ মহাসড়কে চলছে না কোনো যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। দুয়েকটি লোকাস বাস চললেও নেই তেমন যাত্রী। যাত্রী না থাকায় সিংড়া থেকে চলছে না রাজধানীগামী কোনো যাত্রীবাহী বাস।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সড়কে যান চলাচল কম রয়েছে। সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াত করছেন যাত্রীরা।
এদিকে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঢাকার কোচের টিকেট কাউন্টারের লোকেরা জানান, যাত্রী না থাকায় ঢাকার গাড়িগুলো ছাড়া হচ্ছে না। কিছুসংখ্যক যাত্রী ঢাকা যেতে চাইছে, তবে অল্প লোক নিয়ে গেলে তেল খরচই হবে না।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছে।