আকবর আলির টানা দ্বিতীয় সেঞ্চুরি

শ্রীলঙ্কা সফরে ইমার্জিং দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন আকবর আলি। তার সেই ফর্ম ধরে রেখেছেন জাতীয় লিগেও। ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের প্রথম দিনে আবার সেঞ্চুরি করেছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। 

খুলনায় ব্যাটিংয়ে আমন্ত্রিত রংপুর ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক আকবর তানভীর হায়দারকে নিয়ে অবিচ্ছিন্ন ২৩৯ রানের জুটি গড়ে দলকে প্রথম দিন শেষে ২৭৭ রানে নিয়ে গেছেন। ১৫৮তম বলকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অংকের ঘরে পৌছান আকবর। ১৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। দিন শেষে ২২৫ বলে ১৪ বাউন্ডারি ও তিন ছক্কায় ১৬২ করে অপরাজিত রয়েছেন আকবর। ৭৯ রান নিয়ে অপরাজিত তানভীর। 

আরেক উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনে রয়েছেন প্রথম সেঞ্চুরির অপেক্ষায়। অপরাজিত ৮৯ রানে চট্টগ্রামে সিলেটের বিপক্ষে ৮ উইকেটে ২৪৪ রান তুলেছে ঢাকা বিভাগ। খালেদ আহমেদ, রেজোয়ানুল রাজার পেস আর নাঈম আহমেদ ও শাহানুর রহমানের স্পিনের মুখে ১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল ঢাকা। সেখান থেকে সুমন খান নিয়ে নিয়ে ৯৮ রানের জুটিতে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন অঙ্কন। ২২৮ বলে মাত্র ৬টি বাউন্ডারি মেরেছেন তিনি।