স্বরাষ্ট্রমন্ত্রী

এক সপ্তাহে যত পাসপোর্ট বিতরণ করি, অন্য দেশের লোকসংখ্যাও তত নয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে আমরা সপ্তাহে যে পরিমাণ পাসপোর্ট বিতরণ করি, অন্য দেশের লোকসংখ্যাও তত নয়। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নাটোরের বড়হরিশপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ আমরা দ্রুত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। দেশে শুধু নয়, বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সংরক্ষিত সংসদ সদস্য রত্না আহমেদ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. ছারোয়ার হোসেন প্রমুখ।

চার কোটি এক লাখ টাকা ব্যয়ে নাটোরে এই আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ করা হয়। এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।