রাজধানীতে পরিবহন ইউনিয়নের সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীর সায়েদাবাদে একটি বাসা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাত রয়েছে। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সংবাদ পেয়ে সায়দাবাদ সরদার গলি ১০/৩ নম্বর ভবনের ৫ম তলা থেকে আব্দুল খালেকের মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম জানান, ভবনটির ৫ম তলায় একটি রুমে তিনি একাই ভাড়া থাকতেন। মরদেহে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। আর হত্যার পর রুমের মেইন দরজা ভেতর থেকে বন্ধ করে পিছনের একটি দরজা দিয়ে পালিয়ে গেছে।

জানা যায়, আব্দুল খালেক অবিবাহিত। একটি পরিবহন ইউনিয়নের সদস্য ছিলেন। গত পরশু সুজন পরিবহন থেকে আব্দুল খালেককে বারবার ফোন করেও কোনোভাবে যোগাযোগ করতে পারছিলেন না। সেজন্য আজকে ওই ভাড়া বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলো না সহকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানায় তারা।