মাত্র এক বছর আগেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সে সময় বুক বিল্ডিং পদ্ধতিতে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। আইপিওর টাকা এখনো পুরোপুরি খরচ করতে পারেনি কোম্পানিটি। এর মধ্যেই বন্ড ইস্যু করে নতুন করে ১৫০ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ওই বন্ডের ৬০ শতাংশ শেয়ারে রূপান্তরের সুযোগও রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৫০ কোটি টাকার অনিরাপদ ও ৬০ শতাংশ শেয়ারে রূপান্তর সুবিধাসহ কুপন বিয়ারিং বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে।
এ বন্ডের অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে কোম্পানিটি। বন্ডটির কুপন রেট হচ্ছে ৮ থেকে ১০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিযোগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিযোগকারীদের কাছে ইস্যু করা হবে।
এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।