নাটোরের গুরুদাসপুরে শিকারীর খাঁচা থেকে উদ্ধার হওয়া পাঁচশতাধিক পাখি অবমুক্ত করেছে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা।
শুক্রবার দুপুরে খবর পেয়ে উপজেলার হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে দুইটি বড় খাঁচা ও একটি জালে বস্তাবন্দি পাখিগুলো উদ্ধার করা হয়।
পরে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি এস এম শহিদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
এস এম শহিদুল ইসলাম সোহেল জানান, ‘স্থানীয়দের মাধ্যমে দুইটি বড় খাঁচা ও একটি জালের বস্তার মধ্য থেকে পাঁচশতাধিক পাখি পাঁচারের খবর পান। এরপর পরিবেশকর্মীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় শিকারীরা পাখি ফেলেই পালিয়ে যায়। এ সময় সাদা বক, মাছরাঙা, ভারই, ঘুঘু, বালি হাঁস, রাতচোঁরাসহ সাতটি প্রজাতির পাখি দুইটি খাঁচা ও একটি জালের বস্তাসহ উদ্ধার করা হয়। পরে পাখিগুলো ঘটনাস্থলেই মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, বস্তাবন্দি থাকার কারণে পাখিগুলোর মধ্যে প্রায় ৫০টি দুর্বল হয়ে পড়েছিল। সেগুলোকে সুস্থ করে চাঁচকৈড় বাজার এলাকায় নিয়ে অবমুক্ত করা হয়। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। সকলে সচেতন হলে শিকারীরা পাখি শিকার করতে পারবে না। পাখি শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।