সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: কৃষিমন্ত্রী

বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন,  জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে। কোনো দল নির্বাচনে না আসলে নির্বাচন হবে না- এরকম কোন বিধান সংবিধানে নেই। বিএনপি না আসলেও আরও অনেক দল নির্বাচনে আসবে। কাজেই, যথাসময়েই নির্বাচন হবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যেরকম গ্রহণযোগ্যতা আশা করি, ততটুকু হয়তো হবে না। কিন্তু দেশ ও জাতির স্বার্থে, শান্তি-স্থিতিশীলতার স্বার্থে এবং সংবিধান রক্ষার্থে নির্বাচন করতেই হবে; ধারাবাহিকতা নষ্ট করা যাবে না।

মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। যে কোন পরিস্থিতিতে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব রকমের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে। সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ক্ষমতায় থাকলেও নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচন খুবই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দর হবে।

তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না। তারা নির্বাচন বানচাল ও ব্যাহত করার জন্য ২৮ অক্টোবর থেকে প্রতিদিন লাগাতর হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। ২০১৪-১৫ সালের মতো আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। প্রতিদিন গাড়িতে আগুন দিচ্ছে। পুলিশকে পিটিযে় মেরেছে। এগুলো করে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না।

রাজনীতি-গণতন্ত্রের নামে হরতাল-অবরোধ আর আগুন সন্ত্রাস করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে ছাড় দিতে পারে না বলে জানান মন্ত্রী।  তিনি বলেন,  মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোন আপস হবে না।