ভারতের মাটিতে হাতে-কলমে পরীক্ষা হয়ে গেল ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। দেশটির যুদ্ধবিমান ‘তেজস’ এবং ‘এলসিএইচ প্রচণ্ড’ কেমন কাজ করছে- তারও পরীক্ষা হয়ে গেল।
ভারতের ইস্টার্ন এয়ার কমান্ড (ইএসি) চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বার্ষিক মহড়া ‘পূর্ব আকাশ’ পরিচালনা করে। এই মহড়াটিতেই ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ‘তেজস’ ও ‘এলসিএইচ প্রচণ্ড’র পরীক্ষা চলানো হয়।
দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, ভারতীয় বিমান বাহিনী রাশিয়া থেকে ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি স্কোয়াড্রন কিনেছে। তাদের নামকরণ করা হয়েছে কৃষ্ণের সুদর্শন চক্র অস্ত্রের নামানুসারে ‘সুদর্শন’। ‘এস-৪০০’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সিউ-৩০, রাফায়েল, তেজস বিমান এবং স্থল বাহিনী নিয়ে এই মহড়া চালানো হয়। ভারতের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা কর্মকর্তারা ইন্ডিয়া টুডেকে এসব তথ্য জানিয়েছেন।
দিনে ও রাতে হামলার আশঙ্কার প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান বাহিনীর প্রতিরক্ষামূলক ব্যবস্থার পরীক্ষা করা হয়েছে এই মহড়ায়। সেই সঙ্গে এই মহড়ায় দেখা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় কী ধরনের সাড়া দিতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর এই রাষ্ট্রটি। এই মহড়ায় আরো একটি বড় লক্ষ্য ছিল- ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো।
সূত্র: ইন্ডিয়া টুডে।