কাউন্সিলরের গাড়ি আটকে দেওয়ায় ভলান্টিয়ারকে মারধর 

রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করছিল তিন সিভিক ভলান্টিয়ার (পুলিশকে সাহায্যকারী)। এসময় তৃণমূল কাউন্সিলরের গাড়ি আটকে দেওয়ায় তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন কাউন্সিলর এবং তার তিন সহযোগী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, নদিয়ার রানাঘাট থানার মিশন গেট ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকার ওই ঘটনায় কাউন্সিলরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাদের সবাইকে আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কল্যাণী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ও কাউন্সিলর লক্ষ্মী ওরাওঁ, তৃণমূল কর্মী রঞ্জিৎ দাস এবং আরও দু-তিনজন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন। মিশন গেটের কাছে তাদের গাড়ি আসার সময় যানজট ছিল রাস্তায়। দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা তাদের গাড়ি দাঁড় করাতেই প্রথমে তৃণমূল কর্মী রঞ্জিৎ গাড়ি থেকে বেরিয়ে গালাগালি শুরু করেন বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যে তা গড়ায় হাতাহাতিতে।

সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, কাউন্সিলর এবং তার সঙ্গীরা তাকে মারধর করেছেন। এ নিয়ে রানাঘাট থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রানাঘাট মহকুমা পুলিশ কর্মকর্তা প্রবীর মণ্ডল বলেন, গ্রেপ্তারদের আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অন্য দিকে, এ নিয়ে শাসকদলের উদ্দেশ্যে কটাক্ষ করেছে বিজেপি।