মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ। গত বৃহস্পতিবার ‘ইক্সচিক’ নামের এই টিকা অনুমোদন দেয় সংস্থাটি। এটি ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগ করা হবে। ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষ এই টিকা গ্রহণ করতে পারবেন। এক বিবৃতিতে এফডিএর মুখপাত্র পিটার মার্কস বলেন, ‘এই রোগের প্রথম টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এটি চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার।’ টিকা উৎপাদনের দায়িত্ব পেয়েছে ইউরোপের ওষুধ কোম্পানি ভালনেভা। তিন ধাপে মেডিকেল ট্রায়াল দিয়ে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছে তারা। সেসব ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী। ট্রায়ালে সাধারণ উপসর্গ হিসেবে মাথাব্যথা, মাথা ঘোরা, পেশিতে ব্যথা, সন্ধিতে ব্যথা, জ্বর, বমিভাব অনুভব হয়েছে। তা ছাড়া টিকা প্রয়োগের স্থানে জ্বালাপোড়ার কথাও জানা গেছে। তবে পরীক্ষায় দেখা গেছে, টিকা গ্রহণের ২৮ দিন পর ট্রায়ালে অংশগ্রহণকারীদের ৯৮.৯ শতাংশই চিকুনগুনিয়া ভাইরাস নেগেটিভ হয়েছেন।