হাসপাতালের আইসিইউ ইউনিটে গুলি ছুড়ছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালের আইসিইউ ইউনিটের ভেতর গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (১০ নভেম্বর) ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

পিআরসিএ বলেছে, ইসরায়েলি সেনারা আল-কুদস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেতর সরাসরি গুলি ছুড়েছে। এর আগে হাসপাতালের ভেতর ইসরায়েলি স্নাইপারের ছোড়া গুলিতে একজন নিহত ও ২০ জন আহত হওয়ার কথা জানায় সংস্থাটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, হাসপাতাল এবং এর আশপাশে চারদিক থেকে গুলি চালাচ্ছে ইসরায়েলি স্নাইপাররা। এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে সেখানে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছে না।

শুক্রবার গাজার আল-শিফাসহ তিনটি হাসপাতালকে ঘিরে ধরে ইসরায়েলি সেনারা। এর মধ্যে আল-শিফা হাসপাতালে হামলা চালায় তারা। হামাস দাবি করেছে, এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের দাবি, আল-শিফা হাসপাতালের নিচে হামাস তাদের কমান্ড সেন্টার তৈরি করেছে। যদিও এ দাবি প্রত্যাখান করেছে সংগঠনটি। আশঙ্কা করা হচ্ছে, আল-শিফা হাসপাতালে বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েলি সেনারা। সে কারণে হাসপাতাল প্রাঙ্গনে যেসব মানুষ আশ্রয় নিয়েছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী।