ইঁদুরের উৎপাতে দিশেহারা ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা। শহরটির মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সোফায় রীতিমতো সংসার পেতেছে ইঁদুর। এমনকী বাচ্চাকাচ্চাও হয়েছে। সোফার গদি, স্পঞ্জও ঠিক নেই তাদের কামড়ে। যদিও মেয়রের অভিযোগ রাস্তার ওপাশের এক খাবারের দোকানের দিকে।
তার অভিযোগ, বাড়ির সামনে মিষ্টির দোকানে। সেখান থেকে বাইরে এঁটো খাবার পড়ছে। খাবারের লোভে ইঁদুর এসে ঢুকেছে মেয়রের বাড়িতে। ফিরহাদের ভাষ্য, ‘আমার বাড়ির সামনে মিষ্টির দোকান। দোকানি পুরনো মিষ্টির রসগুলো নালায় ফেলে। তার লোভে এসে জুটছে গুচ্ছের ইঁদুর। পেছনে আমার বাড়ি। ইঁদুরগুলো নালায় ঢুকে রস খেয়ে আমার বাড়ির নর্দমা দিয়ে উঠছে।’
ইঁদুর সমস্যায় বিপর্যস্ত হয়ে মেয়রের দ্বারস্থ হন দক্ষিণ কলকাতার বাসিন্দা অশোক সেনগুপ্ত। কলকাতা পৌরসভার ৯২ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দার অভিযোগ, ‘ইঁদুরের উৎপাতে প্রাণ অতিষ্ঠ। নর্দমা থেকে তারা এমনভাবে মাটি তুলছে নালা বন্ধ হয়ে গেছে। পানি যাচ্ছে না।’
ঢাকুরিয়ার ওই এলাকায় প্রচুর খাবার দোকান। সেই দোকানিদের উদাসীনতার জন্যই ইঁদুরের রমরমা। মেয়র জানিয়েছেন, যে এলাকায় খাবারের দোকান বেশি সেখানে ইঁদুরের উৎপাত বেশি হচ্ছে। অবিলম্বে সব খাবারের দোকানকে নোটিস দেওয়া হবে বলে জানান তিনি। খবর সংবাদ প্রতিদিনের।
তবে ফিরহাত আরও জানিয়েছেন, ইঁদুরের বাড়বাড়ন্তর জন্য শুধু দোকানিরা নন, দায়ী কলকাতার বাসিন্দাদের একাংশও। ময়লা রাখার জন্য বাড়ি বাড়ি বালতি দিয়েছিল কলকাতা পৌরসভা। অনেকে সেগুলোয় চাল-ডাল রেখে খাবারের অবশিষ্টাংশ রাতের অন্ধকারে রাস্তার মধ্যে ফেলছেন। তার টানেও ভিড় করছে ইঁদুর।