জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করেছে। জর্ডানের আম্মানে গত বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, জর্ডানের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বুদ্ধিজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় মাসুদ বিন মোমেন বলেন, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে দুই দেশের সরকারের প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে সম্যক ধারণা নিতে অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই অভিজ্ঞতা অ্যাসোসিয়েশনের ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, বাংলাদেশ ও জর্ডান দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীর এ বছরে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অ্যাসোসিয়েশনের সভাপতি  শেখ ড. আয়মান ওদেহ আল-বাদওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।