কঠিন সমীকরণের ম্যাচে টস হারলেন বাবর, ব্যাটিংয়ে ইংল্যান্ড

ইংল্যান্ডের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। তাদের বিদায় যে আগেই নিশ্চিত হয়ে গেছে। গতবারের বিশ্বচ্যাম্পিয়নরাই তাই শেষ ম্যাচটা খেলতে নামবে উপভোগ করতেই। তবে তাদের প্রতিপক্ষ পাকিস্তানের কাছে ম্যাচটি বাঁচা-মরার লড়াই। সেমিফাইনালে যেতে হলে ম্যাচে জয়ের বিকল্প নাই। শুধু জিতলেই হবে না। সেখানে আছে অনেক যদি কিন্তুর সমীকরণ। যেগুলো আবার অনেকটাই অবাস্তব।

বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে টসভাগ্য পাশে পাননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। জিতেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আর তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তারপরও সুযোগ থেকে যাচ্ছে পাকিস্তানের, তবে তা আরও কঠিন।

ইংল্যান্ড যদি...

২০ করে, লক্ষ্য ছুঁতে হবে ১.৩ ওভারে

৫০ করে, লক্ষ্য ছুঁতে হবে ২ ওভারে

১০০ করে, লক্ষ্য ছুঁতে হবে ২.৫ ওভারে

১৫০ করে, লক্ষ্য ছুঁতে হবে ৩.৪ ওভারে

২০০ করে, লক্ষ্য ছুঁতে হবে ৪.৩ ওভারে

৩০০ করে, লক্ষ্য ছুঁতে হবে ৬.১ ওভারে

আর তার জন্য জ্বলে উঠতে হবে শাহিন শাহ, রউফ, শাদাবদের। ইংল্যান্ডকে আটকাতে হবে যতখানি সম্ভব কম রানে। কেননা ইংল্যান্ডের রান যতই বাড়বে, গাণিতিক হিসাবে প্রতি বলে রানের প্রয়োজন বাড়তে থাকবে অবাস্তবভাবে। এমন আকাশ-কুসুম সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ক্রিক-গিফট অ্যালগরিদম পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা দেখিয়েছে ০.০৪৩ শতাংশ। তবে পাকিস্তান অধিনায়ক দৃঢ় মনোবলের সঙ্গে বলেছেন, ‘এটা ক্রিকেট, আপনি আগে থেকে কখনোই বলতে পারবেন না কী ঘটতে যাচ্ছে।’

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বাদ পড়া নিশ্চিত হয়েছে আগেই। বিদায়বেলায় শেষ ম্যাচটা তাই রাঙিয়ে যেতে চাইবেন বাটলার-স্টোকস-মইনরা। কলকাতার ইডেন গার্ডেনসে এমন প্রতিপক্ষ আর অম্ল-মধুর সমীকরণ মাথায় নিয়েই নামতে হবে পাকিস্তানকে।