প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে নরসিংদীবাসী

দীর্ঘ ১৯ বছর পর আগামী ১২ নভেম্বর নরসিংদীতে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধনসহ যোগ দেবেন বিশাল জনসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে নরসিংদীবাসী। 

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কৃষি ও শিল্প সমৃদ্ধ এই জেলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম নির্মাণ ও ঢাকা-নরসিংদী কমিউটার ট্রেনের জোর দাবী জানিয়েছেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন এমন আশায় বুক বাঁধছেন জেলার ২৪ লাখ মানুষ।

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদী বাংলাদেশের অন্যতম একটি প্রধান শিল্পাঞ্চলীয় জেলা। স্যার কে জি গুপ্ত, ভাই গিরিশ চন্দ্র সেন, কবি শামসুর রাহমান, শহীদ আসাদ স্মৃতি বিজরিত খ্যাতিমান চিত্র শিল্পী সাহাবুদ্দিনসহ আরও অনেক বিখ্যাত গুণীজনের জন্ম এ জেলায়। ২৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ জেলায় সারাদেশের আরও প্রায় ৫ লাখ লোক ব্যবসায় সংক্রান্ত কাজে প্রতিনিয়ত বসবাস করছে। এখানে ৩৬টি কলেজ, ১৬টি কারিগরি বিদ্যালয়, টেক্সটাইল ইন্সটিটিউটট, ৬টি পলিটেকনিকসহ ১১৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু নেই কোন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। একই সঙ্গে নেই আধুনিক স্টেডিয়াম ও সবজির হিমাগার।

দীর্ঘ ১৭ বছর যাবত নরসিংদীতে বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলন করে আসছেন সাংবাদিক হলধর দাস। তিনি শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। 

হলধর দাস বলেন, নরসিংদীতে সকল সুযোগ সুবিধা থাকা স্বত্বেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্বাধীনতার ৫২ বছরেও প্রতিষ্ঠা হয়নি। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীতে শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণার অপেক্ষায় নরসিংদীবাসী।

নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া বলেন, নরসিংদীর কৃষি ও শিল্পের ব্যাপক অবদান রয়েছে দেশের অর্থনীতিতে। তাই নরসিংদীতে যদি শিল্প নির্ভর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে উঠে তাহলে শুধু নরসিংদীবাসী নয় দেশবাসী উপকৃত হবে।

নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামটি বয়সের ভারে ন্যুব্জ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া। 

তিনি জানান, ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নরসিংদীতে একটি আধুনিক স্টেডিয়াম স্থাপন এখন সময়ের দাবী। যেখানে স্থানীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ ক্রীড়া ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে নরসিংদীর তরুণ প্রজন্ম।

একই সঙ্গে সবজির জন্য বিখ্যাত এই জেলার সবজি রাজধানী ঢাকার ৪০ ভাগ চাহিদা মিঠায়। একই সঙ্গে লটকন, পেয়ারা, কাঁঠালসহ দেশী বিদেশী নানা প্রকারের ফল উৎপাদিত হয় নরসিংদীতে। কিন্তু জেলায় নেই সরকারি কোনো হিমাগার। ফলে অনেক সবজি ও ফল সময়মতো ক্রেতাদের নিকট পৌঁছাতে না পেরে ক্ষতিগ্রস্থ হয় কৃষকরা। তাই কৃষকদের দাবী জেলায় সরকারি হিমাগার স্থাপনের।

এদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী শহর ও রেলযোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় অসংখ্য চাকুরীজীবি ও ছাত্র-ছাত্রীরা ট্রেনে যাতায়াত করে। নরসিংদী স্টেশনে আন্তনগর ও মেইল ট্রেনের ঢাকা যাওয়া ও আসার ১৩টি করে ২৬টি ট্রেনের স্টপেজ রয়েছে। কিন্তু ২৬টি ট্রেনের বিপরীতে মাত্র ৩০০ টি আসন রয়েছে। কিন্তু প্রতিদিন ঢাকা আসা যাওয়া করে হাজার হাজার মানুষ। যার ফলে বিপুল সংখ্যক যাত্রীকে প্রতিনিয়ত ভোগান্তি সহ্য করে যাতায়াত করতে হয়। আবার আসনবিহীন টিকেন মাত্র ২৫% দেয়ায় অনেক যাত্রী ইচ্ছে থাকা সত্বেও টিকেট নিতে পারে না। এজন্য তারা দীর্ঘদিন ধরে নরসিংদীর জন্য কমিউটার ট্রেন চালু করার দাবি জানিয়ে আসছে। প্রধানমন্ত্রীর নরসিংদীর সফর উপলক্ষে সে দাবি আরো জোরালো হচ্ছে।

নরসিংদীর বাসিন্দা আমজাদ জুয়েল জানান, বিগত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও নরসিংদী এক প্রকার বঞ্চিতই রয়ে গেছে। নরসিংদীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা-নরসিংদী কমিউটার ট্রেন, নরসিংদীতে পর্যাপ্ত সংখ্যক আন্তঃনগর ট্রেনের স্টপেজ, একটি নার্সিং ইনস্টিটিউট, একটি শিশু হাসপাতালসহ আরও অনেক কিছু দরকার। প্রধানমন্ত্রীর নরসিংদীবাসীর দাবীগুলো পূরণে উদ্যোগী হবেন এমনটাই আশা নরসিংদীবাসীর।

এ ব্যাপারে জানতে চাইলে শিল্প মন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের যে বিপ্লব করেছেন নরসিংদী তার বাইরে নয়। তিনি নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা নির্মাণ করেছেন। ছয় লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক। নরসিংদী বিসিক শিল্প নগরী সম্প্রসারণ করা হয়েছে। বেলাবতে আরেকটি শিল্প নগরী স্থাপন প্রক্রিয়াধীন আছে। একই সঙ্গে নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবী বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য হিমাগারের বিষয়ে তিনি অবগত আছেন। আশা করি সমাবেশের মঞ্চ থেকে নরসিংদীবাসীর দাবীগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে দিবেন।