বিশ্বকাপের শেষ ম্যাচে ব্যাট হাতে রাঙিয়েছিল বাংলাদেশ। তবে বোলাররা আবার হতাশ করেছেন। ৩০৬ রান করার পরেও ৮ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। এবারের বিশ্বকাপে একবারই ৩০০ রান করতে পেরেছে টাইগাররা। সেটাও আজ শেষ ম্যাচে।
বড় রান করেও জিতে শেষটা রাঙাতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানালেন বেশ কিছু ভুল হয়েছে। সেগুলো কাল হয়েছে তাদের জন্য। পাশাপাশি তিনি দেখছেন অনেক উন্নতির জায়গাও। এগিয়ে যেতে হলে কোথায় উন্নতি প্রয়োজন, সেটাও খুঁজতে হবে বলে জানালেন।
শান্ত বলেছেন, ‘আজ কিছু ভুল হয়েছে। যার মধ্যে আমার মতে অন্যতম দুটি হলো রানআউট। আমরা ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু দুই রান আউটের পর আমরা ছন্দ হারাই। রানের চাকার গতিও কমে যায়। আমরা যদি ৩৪০-৩৫০ রান করতে পারতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। আমরা মাঝের ওভারগুলোতে, বিশেষ করে স্পিনাররা ভালো বোলিং করতে পারেনি। পেসাররা ভালো বোলিং করেছে। মাঝের ওভারে আমাদের উন্নতি করতে হবে।’
নিজেদের সেরাটা দিতে পারেননি জানিয়ে শান্ত বলেন, ‘বিশ্বকাপে আমরা দল হিসেবে সেরাটা খেলতে পারিনি, ব্যাটিং-বোলিং দুটোতেই। এগিয়ে যেতে হলে আমাদেরকে আরও ভাল করতে হবে। বিশ্বকাপে মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিং করেছেন। সাকিব বেশ কয়েকটি ম্যাচে দারুণ বোলিং করেছে। এটা ব্যক্তিগত পারফরম্যান্সের বিষয় নয়। আমরা নয়টি ম্যাচের দিকে ফিরে তাকাবো এবং দেখব দল হিসেবে আমাদেরকে কোথায় উন্নতি করতে হবে।’