বিশ্বকাপ অভিযান হার দিয়ে শেষ করে রবিবার ভোরে পুনে থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। বিশ্ব আসরে ব্যর্থতার দায় বেশিরভাগ দেওয়া হচ্ছে দলের ব্যাটারদের। তবে বোলাররাও পারেননি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে। বিশেষ করে বিশ্বকাপের আগে পেস ইউনিট নিয়ে যে প্রত্যাশার বেলুন উড়েছিল, সেটা আসল সময়ে একেবারে চুপসে গেছে। সে দায় স্বীকার করে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
চোটসহ নানা কারণে নিজের সেরাটা দিতে না পারার আক্ষেপ করেছেন। শনিবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারার পর পুনে স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে বিদায়ী গুরু অ্যালান ডোনাল্ডের প্রতিও জানিয়েছেন শুভ কামনা। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো কোচের অধীনে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে হোম এন্ড অ্যাওয়ে সিরিজগুলোতে পেস বোলিং কোচ হিসেবে তাসকিনরা আপাতত পাচ্ছেন বিসিবি'র এইচপিতে সদ্য যোগ দেওয়া ক্যারিবিয়ান সাবেক পেসার কোরি কোলিমোরকে।
মিক্সড জোনে দল ও নিজের পারফরম্যান্স নিয়ে অনেক কথাই বলেছেন তাসকিন। ডোনাল্ড প্রসঙ্গে তিনি বলেন, 'সে অনেক কেয়ার করত আমাদের। পুরো পেস বোলিং ইউনিটকে আগলে রেখেছিল। ভালো হোক কিংবা খারাপ, সবসময় আগলে রাখতো, মোটিভেট করতো। ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে কাজটা অনেক উপভোগ করেছি। সে চলে যাচ্ছে এটাই প্রফেশনাল লাইফ। একজন কোচ আসবে, তিনি দুই বছর বা চার বছর পর চলে যাবেন। এটাই হয়ে থাকে। তার সামনের দিনগুলোর জন্য শুভ কামনা থাকলো আর ভবিষ্যতে আরও একজন ভালো বোলিং কোচের আশা করছি।'
বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটসম্যানদের বড় পুঁজি এনে দিতে না পারাকে দায়ী করেছেন তাসকিন। তবে নিজেদের দায়টাও এড়িয়ে যাননি, 'ব্যক্তিগতভাবে পুরো বিশ্বকাপটাই আমার জন্য কঠিন ছিলো। চোট নিয়ে খেলতে হয়েছে, সেরা রিদমে ছিলাম না। নিজের সেরাটা দিতে না পেরে খারাপ লাগছে। এখন সামনে ভালো করার আশা করা ছাড়া তো কোন উপায় নেই।' সাংবাদিকদের সঙ্গে সেই আলোচনায় এসেছিল সাকিব-তামিম দ্বন্দ্বের প্রসঙ্গ। তাসকিন বলেছেন, 'কোন ঝামেলাই আসলে ভালো না।'
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দু'দিন আগে শিষ্যদের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই কোচকে রেখে দেওয়ার পথে হাটেনি। তাকে বিদায় দিয়ে দ্রুতই কোলিমোরকে অন্তবর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সিলেটে নিউজিল্যান্ডের সঙ্গে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ৬ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউইজল্যান্ড যাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ডাবলিনে শুরু হবে ১৭ ডিসেম্বর। আর টি-২০ সিরিজের শেষটি হবে বছরের শেষ দিনে।