বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) শ্রম আন্দোলনে মৃত্যুবরণকারী তিন পোশাক শ্রমিকের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নিহত শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার ও মো. ইমরানের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেকগুলো তুলে দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গতকাল শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ইনামুল হক খান (বাবলু) এবং পরিচালক হারুন অর রশীদ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পকে আজকের সম্মানজনক অবস্থানে নিয়ে আসার পেছনে লাখো লাখো পোশাক শ্রমিকের অমূল্য অবদান রয়েছে।
তিনি পোশাক খাতে শ্রমিকদের কল্যাণের ওপর জোর দিয়ে বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্প ভালো থাকলে শ্রমিক ভালো থাকবে। তিনি শ্রমিক ও উদ্যোক্তা মিলে একসঙ্গে শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমাদের তৈরি পোশাক শিল্পের সাফল্যে প্রতিটি পোশাক শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাছে শ্রমিকদের কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের অধিকার ও স্বার্থ সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
দেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের তাৎপর্য তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাক শিল্প বাংলাদেশের বৃহত্তম রপ্তানি আয়ের খাত হওয়ার পাশাপাশি, লাখো লাখো শ্রমিক ও তাদের পরিবারদের জন্য জীবন-জীবিকার প্রধানতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’