আর্জেন্টিনা দলে দুই নতুন মুখ

স্পেনে জন্ম, খেলেছেন দেশটির বয়সভিত্তিক দলেও। কিন্তু জাতীয় দলে খেলার জন্য পাবলো মাফেয়ো শেষ পর্যন্ত বেছে নিলেন আর্জেন্টনাকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের উরুগুয়ে ও ব্রাজিলের সঙ্গের পরের দুই ম্যাচের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই ডিফেন্ডার।

১৭ ও ২ নভেম্বরের দুই ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যথারীতি দলের নেতৃত্বে আছেন লিওনেল মেসি। চোটের কারণে সবশেষ বাছাইয়ের ম্যাচগুলো মিস করা অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল ডি মারিয়া দলে ফিরেছেন। বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।

২৬ বছর বয়সী মাফেয়োর মা আর্জেন্টাইন। স্প্যানিশ ক্লাব এস্পানিওলের যুবদলে ক্যারিয়ার শুরুর পর তাকে দলে টানে ম্যানচেস্টার সিটি। যদিও সেখান থেকে অধিকাংশ সময়েই তাকে ধারে খেলতে হয়েছে অন্য দলে। এখন আছেন স্পেনের আরেক ক্লাব মায়োর্কাতে। স্পেনের বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করলেও দেশটির সিনিয়র দলের হয়ে কখনো খেলা হয়নি মাফেয়োর। তিনি ছাড়া দলের আরেক নতুন মুখ অলিম্পিয়াকোসের লেফট-ব্যাক ফ্রান্সিসকো ওর্তেগা।

আর্জেন্টিনা দল :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গনজালো মন্টিয়েল, জারমন পেজেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, পাবলো মাফেয়ো, ফ্রান্সিসকো ওর্তেগা

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল প্যালাসিয়স, আলেক্সিস মাকঅ্যালিস্টার, জিওভান্নি লো সেলসো

ফরোয়ার্ড : পাওলো দিবালা, নিকোলাস গনসালেজ, লাউতারো মার্তিনেজ, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লুকাস ওকাম্পোস