রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলচক্করে অনাবিল নামে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন মো. জব্বার মিয়া (৪৫) নামে এক যাত্রী। তিনি পেশায় একজন রিকশা চালক। ঘটনার সময় তিনি অনাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে চড়ে নারায়ণগঞ্জে তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।
মো. জব্বার নীলফামারীর জলঢাকা থানার বামনা গ্রামের মৃত মো. ছকদ্দী মিয়ার ছেলে। বর্তমানে রামপুরা মোল্লাবাড়ি এলাকায় একটি রিকশা গ্যারেজে থাকেন তিনি।
শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাত সোয়া দশটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসেন।
দগ্ধ জব্বার বলেন, 'আমার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য রাতের দিকে গুলিস্তান থেকে অনাবিল নামে একটি যাত্রীবাহী বাসে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলাম। যাত্রাবাড়ী গোলচক্করে গাড়িটি যাওয়া মাত্রই কে বা কারা জানলা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার দুই পা এবং হাত আগুনে দগ্ধ হয়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসে।'
দগ্ধের ছেলে ফরিদুল জানান, আমার বাবা রামপুরা মোল্লাবাড়ি এলাকায় থাকেন। ওই এলাকায় রিকশা চালান পাঁচ মাস ধরে। আজ আমার চাচার বাসায় নারায়ণগঞ্জে যাওয়ার পথে অনাবিল গাড়িতে দগ্ধ হন তিনি। চিকিৎসক জানিয়েছেন বাবার দুই হাত, দুই পা ও শরীরে দগ্ধ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান যাত্রাবাড়ী থেকে দগ্ধ অবস্থায় জব্বার নামে একজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে তাকে রাখা হয়েছে।
রাজধানীতে শনিবার এক ঘণ্টার ব্যবধানে চার বাসে আগুনের ঘটনা ঘটেছে। গাবতলী,আরামবাগ, গুলিস্তান ও যাত্রাবাড়িতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।