জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক (৬৬) মারা গেছেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপাচার্যের মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গতকাল থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ইমদাদুল হকের ক্যানসার ধরা পড়ে। পরে গত ১২ সেপ্টেম্বর ক্যানসারের উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ১২ অক্টোবর দেশে ফিরে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন বলেন, ‘তিনি আমাদের অভিভাবক ছিলেন। তিনি আমাদের কাঁদিয়ে চিরতরে চলে গেলেন।’ জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা এবং খিলগাঁও নিজ বাসভবনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তার মরদেহ রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এদিকে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে গতকাল থেকে তিন দিনের (শনি থেকে সোমবার) শোক পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর খোলা থাকবে।
অধ্যাপক ইমদাদুল হক ১৯৫৭ সালের ১ জুলাই পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যাপক ও ডিন ছিলেন। ২০২১ সালের ১ জুন চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান।