নরসিংদীতে প্রধানমন্ত্রী

মহাসমাবেশে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

১৯ বছর পর নরসিংদীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে তিনি নরসিংদীর পলাশে এশিয়ার বৃহৎ ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর সেখানে সুধীসমাবেশ শেষে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জনসভায় যোগ দিতে সকাল থেকেই পোস্টার, ব্যানার হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা। নরসিংদীর সকল উপজেলা থেকে বাস ও ট্রাকযোগে লোকজন রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নরসিংদীর প্রধান প্রধান সড়কে এখন সুবিশাল দৃষ্টিনন্দন তোরণ, ব্যানার আর ফেস্টুন এর সবকিছুতে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বার্তা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা।

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগও। দলটির নেতাদের দাবি  স্টেডিয়ামে  প্রায় পার্চ লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সমাবেশস্থলে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তিনি বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীকে বরণে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। নেতাকর্মীরা ইতিমধ্যে সমাবেশ স্থলে চলে এসেছেন।  স্মরণ কালের বৃহৎ মানুষের সমাগম ঘটবে আজকের সমাবেশে।