পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ বিমান ছিল বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ড (ইউএসইউকম)।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আনাদলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী বিমানটি দুর্ঘটনার শিকার হয়ে বিধ্বস্ত অবস্থায় নিচে পড়ে।

ইউএসইউকম আরও জানায়, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঘটনায় যুক্ত সেনাদের সম্পর্কে আর বিশদ কোনো তথ্য প্রকাশ করব না। বিমান দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে এই ঘটনার পেছনে ‘শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই’।

গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র আক্রমণ শুরুর পর থেকেই ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী।

এছাড়া ইসরায়েলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।