কেমন কাটছে ‘অন্তরা’র বিবাহিত জীবন

কিছুদিন আগেই জানিয়েছিলেন বিয়ে করেছেন ফারিয়া শাহরিন। বিয়ের বিষয়ে ফেসবুকে শুধু একটি পোস্ট দিয়েই নিজের দায়িত্ব সেরেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর নানা মাধ্যমেই পাওয়া যাচ্ছিল না তাকে। আর অধীর আগ্রহে থাকা ভক্তরাও জানতে পারছিলেন না তাদের প্রিয় অভিনেত্রীর নতুন জীবন কেমন যাচ্ছে। অবশেষে দেশ রূপান্তরের সঙ্গে আলাপনে জানালেন বিস্তারিত।

ফারিয়া শাহরিন বললেন, ২০২১ সালে বাগদান হয়েছিল। তারপর করোনা ও নানা ঝামেলার কারণে বিষয়টা ঝুলে ছিল। পরিবার থেকে বলা হচ্ছিল কাবিন সেরে নিতে। তাই কাবিন করা হয়েছে। এখনো অনুষ্ঠান করা হয়নি।

কবে করবেন অনুষ্ঠান, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, শিগগির অনুষ্ঠান করব, দাওয়াত পাবেন।

বিবাহিত জীবন নিয়ে তার ভাষ্য, ওর সঙ্গে তো চার বছর ধরে প্রেম করেছি। এরপর বিয়ে। একধরনের নতুন অভিজ্ঞতা বটে। সেই অর্থে আলাদাভাবে সংসার শুরু করিনি। শ^শুরবাড়ি-বাবার বাড়ি এই করে এখন কেটে যাচ্ছে। যেহেতু এটা একটা নতুন জার্নি, নতুনত্ব থাকবে, সেভাবেই মানিয়ে নিয়েছি।

ফারিয়া শাহরিন দীর্ঘদিন মিডিয়ার বাইরে ছিলেন। কাশ্মীরি প্রেমিকা নাটকের মধ্য দিয়ে আলোচনায় আসেন। সেই আলোচনার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে ব্যাচেলর পয়েন্টের অন্তরা চরিত্রে অভিনয় করে। ফারিয়া শাহরিনের মতো অন্তরা হিসেবে তার নতুনভাবে মিডিয়ায় জন্ম হয়েছে। এ জন্য নির্মাতা কাজল আরেফিন অমির কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করতে দ্বিধা করেন না।

সংসারজীবনে প্রবেশ করেই কি শোবিজে কাজ কমিয়ে দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি তো কাজ কমই করি। বঙ্গবিডিতে ডিপিএল করেছি। এরপর এই ধারাবাহিক কুইন প্যালেস করছি। এই একটা মাত্র ধারাবাহিকেই কাজ করা হচ্ছে। সামনে ঈদের জন্য বেশ কটা নাটক করা হবে।