মুন্সীগঞ্জের গজারিয়ায় রাহাফুল খান (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আজ রবিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মৃত রাহাফুল খান গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের বাসিন্দা ও জাহিদ হোসেনের ছেলে। সে আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ বেপারীর ভাড়া বাসা একা থাকতেন এবং বাউশিয়া বহুমুখী সমিতি মার্কেটে নিউ নবাপুর ইলেকট্রনিকস দোকেনের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ কক্ষের দরজার তালা ভেঙে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা সোহেব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি।