চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধের সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরী মৃত্যু হয়েছে। তার নাম সুপ্তা দাশ (১৬)। আজ রবিবার (১২ নভেম্বর) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড দাশপাড়া গ্রামের নলিনি দাশের মেয়ে সুপ্তা দাশ গত ২ নভেম্বর সকালে আগুনে ঝলসে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ৯ নভেম্বর ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত শেষে রবিবার পৌরসভার দাশপাড়া গ্রামে কিশোরীর লাশ দাহ করা হয়।
পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ বলেন, রান্না করার সময় অসাবধানতাবসত চুলার আগুন থেকে কিশোরী শরীর দগ্ধ হয়।
রাঙ্গুনিয়া থানার এসআই প্রদীপ কুমার মজুমদার বলেন, চুলা থেকে আগুন লেগে কিশোরী অগ্নিদগ্ধ হয়েছে বলে পরিবার দাবি করছে। দুর্ঘটনা না অন্য কিছু তদন্তের পরে জানা যাবে।