ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে যাত্রী আহত, রেলকে জরিমানা

প্লাটফর্ম থেকে একটু দূরে গিয়ে থেমেছে ট্রেন। এ কারণে বৃদ্ধ যাত্রীকে লাফ দিয়ে নামতে হয়েছে। এ ঘটনায় আঘাতও পেয়েছেন তিনি। আর এ কারণে ভারতীয় রেলকে ৩০ হাজার রুপি জরিমানা করা হলো। দুই বছর আগে গুজরাতের আঙ্কলেশ্বর স্টেশনে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরে নবজীবন সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে চেন্নাই থেকে আঙ্কলেশ্বর যাচ্ছিলেন কেভি রমেশ। এসি টু টিয়ারে ছিলেন তিনি। নামার সময় পড়ে যান। এরপর চেন্নাই (নর্থ) ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনে অভিযোগ করেন রমেশ।

তিনি জানান, ওই ট্রেনে তিনি যে কামরায় ছিলেন, সেটিসহ আরও তিনটি এসি কামরা প্লাটফর্ম থেকে সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তিনি ট্রেন থেকে নামতে পারছিলেন না। পরে লাফিয়ে নামতে গিয়ে পড়ে যান।

২০২২ সালের অক্টোবরে আঙ্কলেশ্বর স্টেশনের প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হয়। প্লাটফর্মে পরিষেবার অভাবের কারণে রেলকে ২৫ হাজার রুপি জরিমানা করে কমিশন। ওই টাকা দিতে হবে আবেদনকারীকে। পাশাপাশি মামলার খরচের জন্য আরও পাঁচ হাজার রুপি তাকে দিতে হবে রেলের।