আল শিফা হাসপাতালে ইসরায়েলের জ্বালানি নিতে চায়নি হামাস: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার আল শিফা হাসপাতালে জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছিল তেল আবিব। কিন্তু হামাস তা গ্রহণ করতে অস্বীকার করেছে।

রবিবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়। এর আগে আল শিফা হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় অপারেশন স্থগিত করার কথা বলা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, এনবিসি নিউজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে জানতে চায় গাজার প্রধান হাসপাতালে হামাসের একটি কমান্ড পোস্ট আছে। ইসরায়েলের এই অভিযোগ কি রোগী এবং শিশুদের জীবন বিপন্ন করে তোলার জন্য যুক্তিযুক্ত কিনা।

নেতানিয়াহু বলেন, আমরা গত রাতে তাদের হাসপাতাল চালু রাখার জন্য, ইনকিউবেটরগুলো পরিচালনা করার জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছিলাম। আমাদের সঙ্গে রোগী বা বেসামরিকদের সঙ্গে কোনো যুদ্ধ নেই।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা রবিবার আল শিফা হাসপাতাল থেকে শিশুদের সরিয়ে নিতে প্রস্তুত ছিল। কিন্তু ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন বেতরে মানুষ এখনও আটকা পড়ে আছে। তিন নবজাতকের মৃত্যু হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি রয়েছে। যদিও হাসপাতালের আশপাশে যুদ্ধ চলছে।