অভিষেকের অপেক্ষায়

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে এখন অভিনয়েই থিতু হয়েছেন। নাটক, ওয়েব পেরিয়ে নাম লিখিয়েছেন বড় পর্দাতেও। নতুন বছরের শুরুতে ঢাকাই সিনেমাতে অভিষেক ঘটতে যাচ্ছে তার। বলছিলাম মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর কথা।

প্রথমটা শেষ হওয়ার আগেই চুক্তিবদ্ধ হলেন দ্বিতীয় সিনেমায়। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। উর্বী ছাড়াও এখানে দেখা যাবে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তীকে। নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এটা একটা মার্ডার মিস্ট্রি, থ্রিলার গল্পের সিনেমা। এখানে আমাকে দেখা যাবে একজন টিনেজার মেয়ের চরিত্রে। এর চেয়ে বেশি আপাতত বলা সম্ভব না।’

নিজেকে বড় পর্দায় দেখার স্বপ্ন ছিল উর্বীর, সে লক্ষ্যে গত বছরই নাম লেখান সিনেমায়, নাম ‘সিটি গোল্ড’। ছবির কাজ এখনো শেষ পর্যায়ে। তার আগেই নতুন সিনেমার খবর নিয়ে হাজির হলেন। ছবিটি করতে রাজি হওয়ার কারণ কী, এমন প্রশ্নে দেশ রূপান্তরকে ‘কোথায় পালাবে বলো রূপবান’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় গল্পনির্ভর কাজগুলো করতে পছন্দ করি, এখানে গল্পটা সুন্দর। গল্প এবং আমার চরিত্রটা সম্পর্কে জেনে মনে হয়েছে, এখানে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। আমার চরিত্রটাতে ভিন্ন কিছু করতে পারব।’

নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এরমধ্যে একই মাসে মুক্তি পেতে পারে তার প্রথম সিনেমা ‘সিটি গোল্ড’। এখানে তার সহশিল্পী একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। প্রিয়ন্তী উর্বী বলেন, ‘দুই দিনের শুটিং বাকি রয়েছে। তাছাড়া আফজাল হোসেন ভাইয়া একটু অসুস্থ তাই শুটিংটা শেষ করা যাচ্ছে না এই মুহূর্তে। যদি নভেম্বরে শেষ করে ফেলতে পারি তাহলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাবে বলে জেনেছি। এরমধ্যে জানুয়ারিতে ‘নীলচক্র’ সিনেমার শুটিং শুরু করব। আমি খুব করে চাচ্ছি যেন ‘সিটি গোল্ড’ সিনেমা দিয়েই বড় পর্দায় আমার অভিষেক হোক। কাজটা আমার অনেক পছন্দের এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করতে।’

এদিকে সিনেমা ছাড়াও প্রিয়ন্তী উর্বীর হাতে রয়েছে বেশ কিছু নতুন প্রজেক্ট। তিনটি ওয়েব ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে বলেও জানালেন তিনি।