রাজধানীর বনানীতে একটি স্টাফ বাসের আগুনে মানিক দাস (৪৫) নামে একজন দগ্ধ হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্লিনার তিনি। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। হাত ও পা মিলে তার ৫ শতাংশ পুড়ে গেছে।
রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মানিকের বাসা হাজারীবাগে।
মানিক দাস নিজেই জানান, তারা একটি স্টাফ বাসে এয়ারপোর্ট থেকে আজিমপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে বনানী এলাকায় বাইরে থেকে কেউ একজন কিছু একটা বাসে নিক্ষেপ করার সাথে সাথে ভেতরে আগুন ধরে যায়। তখন তিনি দগ্ধ হন।
এদিকে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এয়ারপোর্ট থেকে আজিমপুরগামী একটি স্টাফ বাস কাকলি ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে বাসের ভেতরে ছোট্ট একটি আগুনের ঘটনা ঘটে। সেই বাসে সবাই ছিল অফিসের স্টাফ।
বাসে থাকা অন্যান্য লোকজন পুলিশকে বলেছে, সিগারেটের আগুন থেকে স্টাফ বাসের সিটে আগুন ধরতে পারে। কারণ বাসের জানলা বন্ধ থাকায় বাইরে থেকে কোনো কিছু বাসের ভেতরে প্রবেশ করা সম্ভব ছিল না। তবুও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।