মাস দুয়েক আগে এক শিশু ভিসা-পাসপোর্ট ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়ে। সারা দেশে ব্যাপক আলোচিত ছিল সেই ঘটনা। এবার সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশ করেছে ১০ বছরের এক শিশু। সৈয়দপুর থেকে ঢাকায় বিমানে করে যাওয়ার চেষ্টা করছিল সে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে হেফাজতে নেয় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টায় পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করে কর্তৃপক্ষ।
শিশু মানিক মিয়া রংপুর মহানগরীর দেওডোবা এলাকার ইজিবাইক চালক মিঠু মিয়ার ছেলে। সে ওই এলাকার স্থানীয় হাজী তমিজ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে। সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তখন শিশুকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটির পরিবারকে খবর দিলে সোমবার সকাল ১০টায় তার বাবা মা এলে শিশুটিকে তাদের জিম্মায় দেয়া হয়। এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। তিনি আরও জানান, ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১১ সেপ্টেম্বর দশ বছরের এক শিশু ভিসা-পাসপোর্ট ছাড়াই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়েছিল।