জনসভায় যোগ দিতে খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। বিকেলে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বিকেল পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 

জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। জনসভায় শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।