‘টাইগার থ্রি’-এর হলে বাজি ফাটাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা!

দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা। শো চলাকালীন হলের মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হলের মাঝেই সালমানের কিছু ভক্ত বাজি ফাটাতে শুরু করে। তীব্র শব্দ ও ধোয়ায় মুহূর্তেই হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার ফুটেজ ভাইরাল হয়ে গেছে সোশ্যালে।

ঘটনার আকস্মিকতায় অনেকেই এতটা ভয় পেয়ে যান যে বেরিয়ে আসেন হল থেকে। ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে আহত হন অনেকেই। শুধু এক জায়গায় নয়, একাধিক হলে সালমান ভক্তরা ঘটিয়েছেন এমন ঘটনা। এসব ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

এর আগেও অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ ছবিটি যখন ২০২১ সালে মুক্তি পেয়েছিল তখনও এক ঘটনা ঘটেছিল। সেইবার সালমান খান নিজে তার ভক্তদের নিষেধ করেছিলেন এরকম ঘটনা আর না ঘটানোর জন্য।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। 

ক্যামিও ‘পাঠান চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস