বুধ-বৃহস্পতি আবারও বিএনপির অবরোধ কর্মসূচি

পঞ্চম ধাপে আবারও আগামী বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। আজ সোমবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচি ঘোষণা দেন।

আগামী ১৫ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ১৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।

এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।

এরপর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।