রাজধানীতে মঙ্গলবার থেকে সবাই কিনতে পারবেন টিসিবির পণ্য

রাজধানী ঢাকাতে আগামীকাল মঙ্গলবার থেকে ২৫-৩০টি ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এই পণ্য ফ্যামিলি বা পারিবারিক কার্ডের মাধ্যমে বিক্রি হবে না। বরং যারা আসবেন, তারা সেই পণ্য পাবেন বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

আজ সোমবার (১৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। সেখানে তিনি ট্রাকে পণ্য বিক্রি করার কথা জানান।

তিনি জানান, একজন ক্রেতা দুই কেজি মসুরের ডাল, দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি আলু ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। পেঁয়াজ বিক্রি হবে কেজিপ্রতি ৫০ টাকা, আলু ৩০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১০০ টাকায়।