ওয়ানডেতে দুই বলের নিয়মে পরিবর্তন চান স্টার্ক

২০১১ সাল থেকে আইসিসি নিয়ম করে আন্তর্জাতিক ওয়ানডেতে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল দিয়ে খেলা পরিচালিত হবে। এই নিয়মের সঙ্গে মোটেও খুশি নন অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। স্টার্কের মতে ওয়ানডে ম্যাচে একটি বল দিয়েই খেলা পরিচালনা করা উচিত।

দুই পাশ থেকে দুটি বল দিয়ে ম্যাচ চলতে থাকার কারণে ওয়ানডে ক্রিকেট এখন আরও বেশি ব্যাটসম্যান সহায়ক হয়ে গিয়েছে বলে মনে করেন স্টার্ক। বোলারদের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব পড়ছে এ কারণে। ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে যা উপলদ্ধি করেছেন স্টার্ক নিজেও। ৮ ম্যাচে প্রায় ৪৪ গড়ে মাত্র ১০টি উইকেট শিকার করেছেন তিনি। অথচ গত আসরে ইংল্যান্ডের মাটিতে ১০ ম্যাচে ১৮.৫৯ গড়ে ২৭ উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী। তার আগের বিশ্বকাপেও ৮ ম্যাচে ২২ উইকেট নিয়ে এই খেতাব নিজের করেছিলেন স্টার্ক।

পেসারদের উইকেট পাওয়ার বড় অস্ত্র রিভার্স সুইং। অথচ সর্বোচ্চ ২৫ ওভার পুরোনো হতে পারা বল দিয়ে বিশেষ করে ভারতে রিভার্স সুইং করানো প্রায় অসম্ভব বলে মন্তব্য করেন স্টার্ক। সেই সঙ্গে যোগ হয়েছে ব্যাটিং সহায়ক পিচ।

শুধু গতি দিয়ে ভারতের পিচে সফলতা পাওয়া বোলারদের জন্য অনেক কঠিন। স্টার্ক বলেছেন, ‘এখানে একজন বোলারের জন্য কৌশল ও বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ। এমনকি দিনের কোন সময় বোলার বোলিং করছে, সেটাও গুরুত্বপূর্ণ। টস একটা বড় ব্যাপার। এমন অনেক কিছুই এখানে বড় ব্যাপার হয়ে ওঠে।’

২০১৮ সালে দুটি নতুন বলের নেতিবাচক প্রভাব নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ গাঙ্গুলি, শচিন টেন্ডুলকার, ওয়াকার ইউনুস ও মাইক অ্যাথারটনের মতো তারকারা।