নওগাঁ পৌর মেয়রের বিরুদ্ধে ১১ কাউন্সিলরের অনাস্থা

নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ১১ জন কাউন্সিলর। রবিবার ১২ (নভেম্বর) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলার কাছে লিখিত অনাস্থা প্রস্তাব দেয় কাউন্সিলরা।

এতে বলা হয়, মেয়র সনি তার একক সিদ্ধান্তে সব প্রকল্প গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়োগের মাধ্যমে তিনি বিপুল অর্থ লোপাট করেছেন। গত ১১ জুলাই অর্থ আত্মসাতের বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলতে যাওয়া জাকের আলী নামের এক শ্রমিককে মারধর করা হয়।

এর আগে ২০২১ সালের ২ নভেম্বর মেয়রের বিরুদ্ধে ৯নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর সংবাদ সম্মেলন করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্ত করছে।

৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মেয়র সনি পৌরসভার যে কাজগুলো করেন তা কাউন্সিলরদের জানানো হয় না। তিনি নিজেই সব কিছু করেন। চলতি মাসের ২ তারিখ ১২ ওয়ার্ডের কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। তবে এর মধ্যে একজন কাউন্সিলর মারা গেছেন। এ কারণে বাকিরা জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব পাঠিয়েছে।

অনাস্থা প্রস্তাব পাবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক গোলাম মওলা। তিনি বলেন, ১১ জন কাউন্সিলর নওগাঁ পৌর মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র নজমুল হক সনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।