দীপাবলি উৎসবে আরও বিপদে দিল্লি

কয়েকদিন ধরেই দিল্লির বায়ুদূষণ সংবাদশিরোনাম হচ্ছে। কয়েকদিন ধরে বিশ্বে বায়ুদূষণে আক্রান্ত শীর্ষ শহর দিল্লি। এই পরিস্থিতে আবার দিল্লির বায়ু দূষণ আরও বাড়িয়ে দিল দীপাবলি! এই উৎসবে বিপুল পরিমাণ বাজি ও পটকা ফোটানো এবং তার ফলে অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা বাতাসে মিশে যাওয়াই এ দূষণের মূল কারণ। গত রবিবার রাত থেকেই দিল্লির বাতাস ভারী ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল এবং মধ্যরাতের দিকে বাতাসের মান ছিল ৬৮০ পয়েন্ট, যা একিউআই সূচক অনুযায়ী ‘ভয়াবহ’ ক্যাটাগরির অন্তর্গত।  

দূষণ রোধ করতে কয়েক বছর আগে রাজধানীতে দীপাবলীর সময় বাজি-পটকা ফোটানো আইন করে নিষিদ্ধ করেছে দিল্লির রাজ্য সরকার। কিন্তু সেই আইন প্রায় কেউই মানে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিচালিত সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুসারে, দীপাবলী উৎসবের পরের দিন সোমবার বিশ্বে বায়ুদূষণে শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে রয়েছে দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ের নাম। কোনো শহর বা অঞ্চলের বাতাসের গুণাগুণ বিচার করে পয়েন্ট নির্ধারণ করে একিউআই। এই সূচকে যে শহর বা অঞ্চলের বাতাস সবচেয়ে বেশি পয়েন্ট পায়, সেখানকার বাতাস সবচয়ে বেশি দূষিত। একিউআই অনুযায়ী বায়ুদূষণে সোমবার বিশ্বে শীর্ষে রয়েছে দিল্লি, কলকাতা রয়েছে চতুর্থ স্থানে এবং মুম্বাই অষ্টম স্থানে। সূচকে দেখা গেছে, এই দিন সকাল থেকেই দিল্লির বাতাসের মান ৪২০ পয়েন্ট, কলকাতার বাতাসের মান ১৯৬ পয়েন্ট এবং মুম্বাইয়ের ১৬৩। একিউআই সূচকে কোনো শহরের বাতাসের মান ১৫০ থেকে ২০০ পয়েন্টের মধ্যে থাকার মানে হলো যাদের হাঁপানি, ফুসফুস এবং হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাদের জন্য ওই শহরের বাতাস অস্বস্তিকর এবং বিপজ্জনক।