খিলক্ষেতে ডিউটি শেষে ফেরার পথে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

রাজধানীর খিলক্ষেতের কুড়াতলী এলাকার দুর্বৃত্তের ছুরিকাঘাতে মফিজুল ইসলাম (৪০) নামে পুলিশ এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি খিলক্ষেত থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। 

সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক জানান, পুলিশ সদস্য মফিজুল খিলক্ষেত ৩০০ ফিট এলাকার চেকপোস্টের ডিউটি শেষ করে থানায় ফিরছিলেন। পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ফেরার পথে কুড়াতলী এলাকায় চার থেকে পাঁচজন তার ওপরে আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ও পিঠে কয়েকটি ছুরিকাঘাতে করে। 

তিনি জানান, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি রাখা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।