আগামী বছর ২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। সোমবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) জনসংযোগ সচিব ইঞ্জিনিয়ার এইচ এম আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর পক্ষ থেকে ২০২৪ সালের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করা হবে। হোটেল ভিক্টোরি ‘সাঙ্গু ব্যাংকুইট’ হলে এ অনুষ্ঠান হবে।
এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।