রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় একটি বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন নাসরিন আক্তার (৩০) ও তার বড় বোন জেসমিন আক্তার (৪৪)। গত রবিবার গভীর রাতের এ ঘটনায় দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ, স্বজন ও প্রতিবেশীরা জানায়, দুই বোন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু তাদের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি কেউ হত্যা করেছে পরিষ্কার নয়।
ডিএমপির রমনা বিভাগের ধানম-ি জোনের সহকারী কমিশনার আবু তালেব জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তারকে পড়ে থাকতে দেখেন। আর মুমূর্ষু অবস্থায় নাসরিন আক্তারকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস জানান, হাজারীবাগ কালুনগরে ভাড়া বাসায় ওই দুই নারী তার ভাই ও মায়ের সঙ্গে থাকতেন। তাদের বাবা মারা গেছেন অনেক আগে। দুই বোনই বাক ও মানসিক প্রতিবন্ধী এবং অবিবাহিত। নাসরিনের ডান পায়ের রগ কাটা এবং বাম পায়ের হাঁটুর নিচে ও বাম হাতে কাটা জখম আছে। এ ছাড়া জেসমিনের গলা গভীরভাবে কাটা ছিল।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, তাদের ভাই নাজির হোসেন বাসার বাইরে ছিলেন। আর মা পাশের রুমে ছিলেন। একপর্যায়ে তাদের দুজনকে রক্তাক্ত অবস্থা দেখতে পান। নাসরিনকে জীবিত মনে করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তারা জেসমিনের মরদেহ বাসা থেকে এবং নাসরিনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেন।