কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ধরা পড়ল ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। যার বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা। সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকায় জেলে গুল মোহাম্মদের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। এর আগেও এই নদে ১০ ও ১৪ কেজি ওজনে পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া ১৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নেন। পরে তিনি ১২শ টাকা কেজি দরে উপজেলার পাম্পের মোড় বাজারে মাছটি বিক্রি করেন। মাছ ব্যবসায়ী সাজু মিয়া বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে প্রায়ই এমন বড় বড় পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়ছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খান বলেন, বাণিজ্যিকভাবে পাঙাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। তবে নদ-নদীতে পাঙাশ মাছ ধরা পড়ছে এটা ভালো খবর।