ফরিদপুরে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

মহাসড়ক থেকে বিভিন্ন ব্যক্তিদের অপহরণ করে তাদের মারপিট এবং ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ফরিদপুরের ভাংগা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— শাহ আলম আকন ওরফে কালু (৩৫) ও মো. আবুল কালাম আজাদ (৫০)। তাদের দুইজনের বাড়ী বরগুনা জেলায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপহরণকৃত ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ ২৯ হাজার ১৮০ টাকা, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন পুলিশ সুপার মো. শাহজাহান। পুলিশ সুপার জানান, ঢাক-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ওতপেতে থাকা অপহরণকারী একটি চক্র বিভিন্ন ব্যক্তিদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীদের মারপিট করে টাকা হাতিয়ে নিত। এছাড়া অপহরণ হওয়া ব্যক্তির পরিবারের কাছ থেকেও টাকা নিতো এ চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এ চক্রের বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।