বিশ্বকাপ শুরুর আগ থেকেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। আসর শুরুর পর সেটা আরও বেড়েছে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারণে। আর সেমিফাইনালে খেলতে না পারায় এখন বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বলছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই।
কঠিন এই সময়ের বাবরের পাশে দাঁড়িয়েছেন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বর্তমান ফর্মকে বিবেচনা করে বাবরকে বিচার করা ঠিক নয়।
বাবরের নেতৃত্বেই ছয় মাস আগে পাকিস্তান ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল। তাই বর্তমান ফর্ম বিবেচনায় তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা ভুল বল মনে করেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী কপিল, ‘যদি বলেন এই মুহূর্তে বাবর অধিনায়কত্বের জন্য সঠিক ব্যক্তি নন, তাহলে আপনি তার বর্তমান পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। অথচ, তার নেতৃত্বেই পাকিস্তান ছয় মাস আগে ওয়ানডেতে শীর্ষে ছিল।’
বাবরের বর্তমান পারফরম্যান্স বিবেচনা না করে তার মধ্যে নিবেদন ও মেধা কতটা বিদ্যমান, তার দিকে দৃষ্টিপাত করেছেন কপিল। ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের ভাষায়, ‘যখন কোনো ব্যাটসম্যান শূন্যতে আউট হয়, তখন ৯৯ ভাগ মানুষ গলা ফাটায় সেই খেলোয়াড়কে বাদ দিতে। আবার যখন একজন সাধারণ মানের ব্যাটসম্যান এসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দেয়, তখন তাকে সুপারস্টার বলে ডাকা হয়। তাই বর্তমান পারফরম্যান্স বিবেচনা করা ঠিক নয়। দেখতে হবে সে কতটা খেলার প্রতি নিবিষ্ট। আর তার মধ্যে কতটা তাড়না ও মেধা আছে।’
এর আগে রমিজ রাজা অবশ্য বলেছেন, ‘তার (বাবর) ওপর এত চাপ যে সে নিজে থেকেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারে।’
বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট দলকে ঢেলে সাজানো হবে বলে গণমাধ্যমের খবর। এরই মধ্যে অবশ্য দায়িত্ব ছেড়ে দিয়েছেন দলটির পেস বোলিং কোচ মরনে মরকেল।