আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠি তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চিঠিটি সংলাপের আহ্বান জানিয়ে কি না, সেটা কমিশন অবহিত নয়। কারণ, চিঠি কমিশনের কাছে আসেনি।
জাহাংগীর আলম বলেন, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে, তা আগামীকাল বুধবার সকাল ১০টায় সাংবাদিকদের জানানো হবে।
সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, ডোনাল্ড লুর চিঠির কোনো প্রভাব তফসিল ঘোষণার ক্ষেত্রে পড়বে কি না। জবাবে ইসি সচিব বলেন, ‘না।’
তিনি আরও বলেন, চিঠিটি সংলাপের আহ্বান জানিয়ে কি না, সেটা কমিশন অবহিত নয়। কারণ, চিঠি কমিশনের কাছে আসেনি। কমিশন সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাবে।
গতকাল সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্র প্রধান তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেয়।