সাভারে খুলেছে পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা দুই সপ্তাহ ধরে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সব কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে এসব কারখানায় শ্রমিকেরা সারিবদ্ধভাবে প্রবেশ করে সুশৃঙ্খলভাবে কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে একটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সেটি বন্ধ আছে।

সকালে আশুলিয়ার জামগড়া, বেরন, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ কারখানার ফটকে আজ থেকে খোলার নোটিশ দেওয়া হয়েছে। শ্রমিকরা শান্তিপুর্ণভাবে কাজে যোগ দিয়েছে। বিভিন্ন কারখানার সামনে পুলিশের উপস্থিতি দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাখা হয়েছে জলকামান।

পোশাকশ্রমিক ফারজানা আক্তার বলেন, গতকাল রাতে সুপারভাইজার ফোন করে জানিয়েছে আজ থেকে কারখানা খোলা থাকবে। তাই সকালে কারখানায় এসে কাজ করছি। কারখানায় এখন কোনো ঝামেলা নাই। আগের মতই কাজ করছে সবাই।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে ১ হাজার ৭৯২টি কারখানার সবগুলো খোলা আছে। এর মধ্যে আজ একটিমাত্র কারখানা ছাড়া বাকিগুলোতে কাজ শুরু হয়েছে। গত ১১ নভেম্বর নিরাপত্তার স্বার্থে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০টি কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। যা ২০০৬ সালের ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়, তবে গত দুই দিনে পর্যায়ক্রমে ১২৯টি কারখানা খুলে দেয়া হয়েছে। যদিও নাবা নীট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানা বন্ধ রয়েছে। সেটিও দ্রুত খুলে দেয়া হবে বলে আশা করছি।

এদিকে কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম কামরুজ্জামান।

শ্রমিক নেতা সারোয়ার হোসেন বলেন, পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়টি স্বস্তিদ্বায়ক। আশা করছি খুব শীঘ্রই আবারও সুন্দর পরিবেশ ফিরে আসবে।