ভারত মহাসাগরের তলদেশে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও ভারত। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ২টা ১১ মিনিটে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে ভূকম্পনটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।
বাংলাদেশ সময় দুপুর ১টা ৪১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এক হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিন শুধু শ্রীলঙ্কাই নয়, ভূমিকম্পে কেঁপেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতও। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখের কার্গিল অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল কারগিল থেকে ৩১৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।