ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ কী? এই প্রশ্নটা প্রায়ই উঠছে। টি-টোয়েন্টি ক্রিকেটের কারণেই ৫০ ওভারের ক্রিকেট নিয়ে শঙ্কাটা দিন দিন বাড়ছে। ভারতে চলমান বিশ্বকাপেও দর্শকদের মধ্যে ওয়ানডে নিয়ে আগ্রহের ঘাটতি দেখা গেছে। এমন অবস্থায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করেন টি-টোয়েন্টি ও ওয়ানডের মধ্যে ভারসাম্য আনা জরুরি।
আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে সংবাদ সম্মেলনে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমি তেমনটা মনে করি না। আমি মনে করি, বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক আসরে খেলা যেকোনো ক্রিকেটারের জন্য বিশেষ কিছু। এটা ওয়ানডে বিশ্বকাপ এবং ওয়ানডে ক্রিকেটকে প্রাসঙ্গিকতা দেবে। এটা যেকোনো ফরম্যাটের জন্যই প্রযোজ্য।’
ভবিষ্যৎ কী হবে জানেন না বললেও উইলিয়ামন মনে করেন টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের মধ্যে দারকার ভারসাম্য্। ‘আমি জানি না ভবিষ্যতে কী হবে। তবে আমি মনে করি, বৈশ্বিক আসরে যখন একটা দেশ অন্য আরেকটা দেশের মুখোমুখি হয়, সেটা সব সময়ই বিশেষ কিছু। তবে টি-টোয়েন্টির সঙ্গে অবশ্যই ৫০ ওভারের ফরম্যাটের একটা ভারসাম্যের দরকার আছে।’
উইলিয়ামসনের মতে, মানুষ কি চায় সেটি গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষ কী দেখতে চায়, সেটির ওপর ভিত্তি করেই সবকিছু হবে। তবে আমি মনে করি, বিভিন্ন ফরম্যাটের মধ্যে সূচিতে ভারসাম্য আনাটা খুবই জরুরি।’