বিপদ-আপদ আর বিভিন্ন রোগব্যাধি থেকে রক্ষা পেতে কার্তিক মাসে উপবাস পালন আর প্রদীপ জ্বালাতে বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। প্রিয়জনের মঙ্গল কামনায় সেই থেকে কার্তিকের ১৫ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার উপবাস পালন শেষে প্রদীপ আর ধূপধুনা জ্বালিয়ে প্রার্থনায় শামিল হন লোকনাথ ভক্ত অগুনতি সনাতন ধর্মাবলম্বী।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের মন্দিরে গিয়ে দেখা যায়, কয়েক হাজার নারী-পুরুষ প্রদীপ, ধুপ, সোলা, ফল, ফুল সামনে নিয়ে সমবেত হয়ে পুণ্যার্থীরা লোকনাথের আরাধনায় নিমগ্ন।
ব্রত উদযাপনে আসা ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে বিকেলে ধুপ, প্রদীপ ইত্যাদি নিয়ে বসতে হয়। পরে সন্ধ্যার আগে মন্দির থেকে ঘণ্টা বাজলে প্রদীপ জ্বালানো হয়। আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বন্ধ করে দিতে হয়। সংযম, মনোব্রত ও মনকে একাগ্রচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ যখন জ্বলা শেষ হবে চালকলা দিয়ে পুণ্যার্থীরা খায়। অনেকে এই চাল রেখে দেয়, যখন বিপদ-আপদ আসে তখন খায়।
সেই থেকে লোকনাথ আশ্রমে প্রতি বছর কার্তিক মাসে হয় এই উৎসব। ‘রাখের উপবাস’ নামে পরিচিত এই অনুষ্ঠানকে কেউ কেউ ‘কার্তিক ব্রত’ও বলে থাকেন।