কাচের শোকেসে রাখা রয়েছে খাবার। আর সেখানে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালের ক্যান্টিনের এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। এর জের ধরে বন্ধ হলো ক্যান্টিন। ঘটনাটি চেন্নাইয়ের স্ট্যানলি মেডিকেল কলেজ ও হাসপাতালের।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক রোগীর আত্মীয় হাসপাতালের ক্যান্টিনে খাবার খেতে গিয়েছিলেন। সে সময় তিনি দেখতে পান, কাচের শোকেসের ভেতর রাখা খাবারের ওপর একটি ইঁদুর ঘোরাফেরা করছে। এ নিয়ে ক্যান্টিনের কর্মীদের কাছে অভিযোগ করেন তিনি। জানান, ওই খাবার নষ্ট হয়ে গেছে।
এরপর হাসপাতালের ডিন পি বালাজি ওই ক্যান্টিন বন্ধের নির্দেশ দেন। তিনি বলেন, দীপাবলির কারণে কর্মীদের ছুটি দেওয়া হয়েছে। গত দুই দিন ধরে ক্যান্টিন বন্ধ ছিল। কোনো খাবার বিক্রি করা হয়নি। ওই বাসি এবং পচা খাবার ফেলে দেওয়া হয়েছে। কাউকে বিক্রি করা হয়নি।